দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অফিস থেকে ছুটি পেতে নিজের জীবিত শ্বশুরকে মৃত বলে মিথ্যা খবর ছড়ান জামাই। কিন্তু সেই কৌশলই শেষ পর্যন্ত তার জন্য হয়ে ওঠে বিপদের কারণ। শ্বশুর-জামাইয়ের এমন মজার দ্বন্দ্ব, পারিবারিক টানাপোড়েন ও নানা নাটকীয় ঘটনা নিয়ে নির্মিত হয়েছে হাস্যরসাত্মক কমেডি ও থ্রিলার নাটক ‘জামাই বনাম শ্বশুর’। এতে অভিনয় করেছেন টিটু বাঙ্গালী।
আগামী ১৯ নভেম্বর, বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।
নাটকের গল্পে অনিক একজন অলস ও দায়িত্বজ্ঞানহীন জামাই। চাকরি করতে চায় না সে, বরং নিজের মতো করে জীবন কাটাতেই পছন্দ করে। অফিস থেকে ছুটি পাওয়ার জন্য একসময় নিজের জীবিত শ্বশুর খালেক সাহেবকে মৃত বলে মিথ্যা খবর ছড়িয়ে দেয় অনিক।
তবে অবসরপ্রাপ্ত সাবেক বিডিআর সদস্য খালেক সাহেবও কম যান না। জামাইয়ের এমন কাণ্ড ধরে ফেলতে এবং তাকে সঠিক পথে আনতে শুরু করেন নানা মজার কৌশল। অন্যদিকে, স্বামী অনিকের দায়িত্বহীনতায় বিরক্ত স্ত্রী মিথিলাও। শ্বশুর-জামাইয়ের এই দ্বন্দ্বের সঙ্গে যুক্ত হয় দাম্পত্য টানাপোড়েন ও নানা নাটকীয় ঘটনা।
একপর্যায়ে অনিক উপলব্ধি করে, সংসার জীবনে শুধু হাসি-ঠাট্টা নয়, দায়িত্ববোধ ও পরিবারের প্রতি ভালোবাসাও সমান গুরুত্বপূর্ণ। পারিবারিক সম্পর্ক, শ্বশুর-জামাইয়ের মজার দ্বন্দ্ব এবং জীবনঘনিষ্ঠ বার্তার সমন্বয়ে নির্মিত নাটকটি দর্শকদের আনন্দ দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন টিটু বাঙ্গালী, মিম চৌধুরী ও আব্দুল্লাহ রানা। এ ছাড়া অভিনয় করেছেন শেলী আহসান, ফাতেমা হীরা, সিদ্দিক মাস্টার, শাহ নেওয়াজ, রিক্তা সুলতানা পরী, আশীষ কুমার, সাইফুল খান, মোস্তাফিজুর রহমান, রবিউল ইসলামসহ আরও অনেকে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এম আর আলী। প্রযোজক সাইদুর রহমান কবুল এবং নির্বাহী প্রযোজক রুমান হোসাইন। চিত্রগ্রহণে রয়েছেন সোহাগ শরীফ। নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট।
/অ